২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমর্ত্য সেনকে জড়াইনি: মুহিত

মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে কিছু বলেননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে কিছু বলেননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কলাম লেখক স্বদেশ রায়ের একটি লেখায় নোবেলজয়ী অমর্ত্য সেনের কথা উদ্ধৃত করে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “অমর্ত্য সেন বলেছেন, ‘এখানে এতো কিছু হচ্ছে, কিন্তু কোথাও ভালো প্রাধান্য পায় না’। আর এজন্য ইউনূসকে দায়ী করে মুহিত বলেন, তার প্রচারে দেশের ক্ষতি হচ্ছে। শনিবার ডেইলি স্টারে প্রকাশিত এক বিশেষ সম্পাদকীয়তে মুহিতের ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে তার সমালোচনা করা হয়। এ বিষয়ে নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বক্তব্যও তুলে ধরে পত্রিকাটি। অর্থমন্ত্রীর পক্ষে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “মন্ত্রী গত বৃহস্পতিবার বলেছিলেন, অধ্যাপক ইউনূসের নেতিবাচক অবস্থান এবং প্রচার বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিপন্থী। তার প্রচারে পুরোপুরি সততা নেই। “ইউনূস গত দুই বছর ধরে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে অনবরত আশঙ্কা প্রকাশ করে যাচ্ছেন এবং বলে আসছেন যে সরকার এ প্রতিষ্ঠানটিকে ধ্বংস করতে চায়। তার এ ধরনের প্রচারের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এবং এটি দেশের জন্য বেশ ক্ষতিকর” বিবৃতিতে বলা হয়, ওই বক্তব্য অর্থমন্ত্রীর একান্তই ব্যক্তিগত মতামত এবং এ নিয়ে তিনি অন্য কারো সঙ্গে আলোচনা করেননি। এ সম্পর্কে অর্মত্য সেনও কোনো মন্তব্য করেননি। মন্ত্রীর বক্তব্য ছিল বাংলাদেশের দ্রুত উন্নয়ন নিয়ে। “আমাদের সংবাদ মাধ্যমের কেউ কেউ বুঝে বা না বুঝে দুটো বিষয়কে সম্পৃক্ত করে এ সম্পর্কে বিকৃত ও বানোয়াট বক্তব্য রেখেছেন। পুরো বক্তব্যটি ভিডিওতে ধারণ এবং যথাযথভাবে ইলেকট্রনিক গণমাধ্যমসহ অনেকগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কেউ কেউ অহেতুক অর্মত্য সেনের আলোচনার সঙ্গে অধ্যাপক ইউনূসের নাম সংযোগ করেছেন।” অর্থমন্ত্রী বলেন, “ইউনূসের সমস্যা হচ্ছে যে তিনি কোনভাবেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চান না। তিনি সেখানে তার প্রভাব এবং কর্তৃত্ব বহাল রাখতে সচেষ্ট। ইউনূসের প্রচারযন্ত্র অত্যন্ত শক্তিশালী এবং তার আন্তর্জাতিক খ্যাতি তার পক্ষে সহায়ক ভূমিকা পালন করছে।” বাংলাদেশেও সবাই ইউনূসকে নিয়ে ‘গর্ব বোধ’ করে উল্লেখ করে মুহিত বলেন, আন্তর্জাতিকভাবেও এই নোবেলবিজয়ীর গ্রহণযোগ্যতা ‘অতি উচ্চ মার্গের’। “ব্যক্তিগতভাবে আমি তাকে একজন বন্ধু ও শ্রদ্ধেয় মানুষ এবং দারিদ্র্য বিমোচনে নিবেদিত জনদরদী হিসেবে সম্মান করি।” বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি নিয়ে অর্মত্য সেনের বক্তব্যের সঙ্গে ‘অহেতুক’ ইউনূসের নাম যুক্ত হয়েছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের ‘বিকৃত খবর প্রচারের জন্য’ মন্ত্রী অর্মত্য সেনের কাছে ক্ষমা চাচ্ছেন। অর্থমন্ত্রী মনে করেন, অর্মত্য সেন বাংলাদেশের একনিষ্ঠ শুভানুধ্যায়ী এবং বাংলাদেশের কৃতিত্বের বিষয়গুলো তিনি সবসময়ই আন্তর্জাতিক ক্ষেত্রে সাগ্রহে তুলে ধরছেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান, দারিদ্র্য বিমোচন, নারীমুক্তিতে ভূমিকা রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনূসের অবদানের কথা স্মরণ করে মুহিত বিবৃতিতে বলেন, গ্রামীণ ব্যাংকের নিজস্ব বিধি অনুযায়ী ইউনূস ৬০ বছর বয়সের পরে আর ব্যবস্থাপনা পরিচালক থাকতে পারেন না, এই বিধিমালা ইউনূসই প্রণয়ন ও প্রকাশ করেন। “কিন্তু গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ তাকে ১৯৯৯ সালে অনির্দিষ্টকালের জন্য ব্যবস্থাপনা পরিচালক নিয়োজিত করে। এই নিযুক্তি অবৈধ ছিল। এই অনিয়ম বাংলাদেশ ব্যাংক ২০০১ সালে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু ইউনূস সম্মানিত ব্যক্তি ও বাংলাদেশের নয়নের মনি বলে পরবর্তী কোনো পরিচালনা পর্ষদ বা সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।” এরপর গত বছর কেন্দ্রীয় ব্যাংক ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে নিজেই পদত্যাগ করেন ইউনূস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯৩০ ঘ.