গাজীপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাসের মধ্যে মহাসড়ক থেকে অবৈধ যানবাহন তুলে দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে গাজীপুরের টঙ্গী-নরসিংদী সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “যেকোনো মূল্যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জাতীয় মহাসড়ক থেকে অবৈধ গাড়ি দুই মাসের মধ্যে তুলে নেব।”
“তবে আমি গরীবের পেটে লাথি মারতে চাই না। এসব গাড়ি ফিডার সড়কে চলবে। পরবর্তীতে এ ব্যাপারে স্থায়ী সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত এগুলি মহাসড়কে চলবে না,” বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, “আমাদের দেশে রাজনৈতিক সরকারের শেষ বছরটা খুব চ্যালেঞ্জিং হয়। জনপ্রিয়তা চলে যাওয়ার আশঙ্কায় জনপ্রতিনিধিরা অনেক কাজ করতে দেন না।”
রাস্তায় ইজিবাইক, নছিমন, করিমন ও ভটভটি-এসব গাড়ি মহাসড়কে দুর্ঘটনা ও যানজটের অন্যতম কারণ। কিন্তু এগুলো অপসারণ করতে গেলেই তাদের বাধা আসে বলে জানান তিনি।
মহাসড়কের জন্য বরাদ্দের ৭০ শতাংশ খরচ হলেও রাস্তাঘাটের চেহারা পাল্টে যেত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এদেশে রাস্তাঘাটের টাকা আত্মসাত হয়। ঠিকমতো কাজ হয় না। যেটুকু হয় সেটার মানও ভাল হয় না।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান, সড়ক ও জনপথের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮০৮ ঘ.
bdnews24