২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরণের ঘটনা ষড়যন্ত্রের অংশ: বিএনপি

খালেদা জিয়ার সফরের পর ফেনী সার্কিট হাউজের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনাকে সরকারের ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 03:14 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সফরের পর ফেনী সার্কিট হাউজের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনাকে সরকারের ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করে বিএনপি। শুক্রবার রাতে নয় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ক্ষমতাসীনরা সব দিকে ব্যর্থ হয়ে এখন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রীর প্রাণনাশের অপচেষ্টায় লিপ্ত। ফেনী সার্কিট হাউজ থেকে নেত্রী বেরিয়ে যাওয়ার পর এ রকম ঘটনা গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ বলে আমরা মনে করি।” এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা জানান তিনি। সাম্প্রদায়িক হামলার শিকার বৌদ্ধ বসতি পরিদর্শনে কক্সবাজারের রামু যাওয়ার পথে শুক্রবার রাত ৯টার দিকে বিশ্রাম নেয়ার জন্য ফেনী সার্কিট হাউজে যান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ঘণ্টাখানেক বিশ্রাম শেষে তিনি বেরিয়ে যাওয়ার প্রায় পনের মিনিট পর সার্কিট হাউজের সামনে কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয়। সদর থানার ওসি মায়নুল আফসার জানান, এ ঘটনায় উপপরিদর্শক নাজিমউদ্দিন, গোয়েন্দা পুলিশের কনস্টেবল আরাধন চক্রবর্তী ও পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিনসহ অন্তত পাঁচ জন আহত হন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা না জানাতে পারলেও পুলিশ বলছে, স্থানীয় বিএনপির অর্ন্তকোন্দল থেকেও হাতবোমা ফাটানো হয়ে হয়ে থাকতে পারে। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, “বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার ফ্যাসিবাদী কায়দায় নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। জাতীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।” সংবাদ ব্রিফিংয়ের পর একটি বিক্ষোভ মিছিলও বের করে বিএনপির নেতাকর্মীরা। অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন, বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, সহ শিক্ষা বিষয়ক হাবিবুল ইসলাম হাবিব, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৯০৮ ঘ.