রাজবাড়ী, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সুপারভাইজারের ধাক্কায় রাজবাড়ীতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত রিয়াজুল ইসলাম (১৮) বহরপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি গ্রামে। বাবার নাম আব্দুল জব্বার।
শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ী বালিয়াকান্দি সড়কের গোহালবাড়ি ঈদগাহ নামক স্থানে ওই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক ইমদাদুল ইসলাম জানান, বহরপুর কলেজ থেকে বাসযোগে বাড়ি ফেরার পথে রাজবাড়ী থেকে মধুখালীগামী নিউপ্রত্যাশা নামে (রাজ-জ-১১-০০১৯) একটি লোকাল বাসের সুপারভাইজারের সঙ্গে ছাত্রটির ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুপারভাইজার চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে রিয়াজকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
বাসটি আটক করা হলেও বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছেন। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬১৪ ঘ.
bdnews24