ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন তার ভাই।
শুক্রবার ভোররাতে নুরবাগে এলাকায় দুই ভাই ছিনতাইকারীর কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তি হলেন- শামছুদ্দিন আহমেদ অজয় (২৫)। আহত সাজিদ আহমেদ অপুকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে লালবাগে এক অনুষ্ঠান শেষে দুই ভাই বাইসাইকেলে কামরাঙ্গীর চর হুজুর পাড়ায় নিজেদের বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।
“ছিনতাইকারীরা তাদের উপুর্যপরি ছুরিকাঘাত করে। এতে দুজনেই গুরুতর আহত হন।”
পথচারীরা দুই ভাইকে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক অজয়কে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি ঘটলে অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত অজয় লালবাগের হ্যাপি ভিডিও দোকানের ক্যামেরম্যান ছিলেন।
অজয় ও অপুর বাবা সিরাজ উদ্দিন আহমেদ কামরাঙ্গীর চরের হুজুর পাড়ার বাসিন্দা।
ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২০২ ঘ.
bdnews24