লাবলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘হুমায়ূন স্মৃতি মেলা’।
নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শুক্রবার শুরু হতে যাওয়া এই মেলা চলবে পাঁচ দিন।
প্রয়াত লেখকের জীবনের শেষ সময়ের কিছু নিদর্শনও মেলায় থাকবে বলে জানিয়েছেন এর আয়োজনকারী ‘মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিৎ সাহা।
গত ১৯ জুলাই নিউ ইয়র্কে জীবনাবসান ঘটেছিল হুমায়ূনের। ক্যান্সারের চিকিৎসার জন্য জীবনের শেষ বছরটি যুক্তরাষ্ট্রের এই শহরেই ছিলেন তিনি।
বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। সে দিন মেলার সমাপনীতে কেক কাটা হবে। এর আগের চার দিন তার লেখা সব বই এবং তার নির্মিত নাটক প্রদর্শিত হবে।
“লেখকের জীবনী নিয়ে তার ঘনিষ্ঠ সাহিত্যিকরা স্মৃতিচারণমূলক আলোচনায়ও মিলিত হবেন,” বলেন তিনি।
গত বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মুক্তধারার উদ্যোগে জনপ্রিয় এই লেখকের জন্মদিন উদযাপিত হয়। সেটি ছিল লেখকের জীবদ্দশায় শেষ জন্মদিন। ওই অনুষ্ঠানেই ‘রং পেন্সিল’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24