২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লিটজ সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব গ্রেপ্তার

একটি প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে দক্ষিণ খান থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2012, 07:30 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি সাপ্তাহিক ব্লিটজ সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই দেশের প্রেসিডেন্টের ছেলের ‘প্রণয়ের’ সংবাদ প্রকাশকারী ব্লিটজ সম্পাদক সালাহ উদ্দিন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের ঢাকা সফরের এক দিন আগে গ্রেপ্তার হলেন। উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইটের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকা আসছেন হিনা। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সালাহ উদ্দিন শোয়েবকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাসুদুর রহমান জানান, মো. শাজাহান নামের এক ব্যক্তি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কয়েকদিন আগে আদালতে সালাহ উদ্দিন শোয়েবের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করেছে দক্ষিণ খান থানা পুলিশ। এর আগে ২০০৩ সালে বিমানবন্দর থেকে বিদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার হয়েছিলেন ব্লিটজ সম্পাদক। তার বিরুদ্ধে সে সময় ইসরাইলি গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয় বলে গণমাধ্যমের খবরে বলা হয়। সম্ú্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোকে জড়িয়ে ব্লিটজে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন ব্যাপক আলোড়ন তোলে। পুরো উপমহাদেশে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে ব্লিটজের বরাত দিয়ে সেই ‘খবর’ ফলাও প্রচার পায়, যদিও হিনার স্বামী ফিরোজ গুলজার ওই প্রতিবেদনকে স্রেফ কুৎসা বলে উড়িয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০১২২ ঘ.