ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে হত্যার হুমকি দেওয়ার মামলার আসামি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানার বিরুদ্ধে বাদীসহ দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে সাক্ষ্য দেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ও মামলার বাদী গোয়েন্দা পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট আল বেলী আফিফা।
জবানবন্দি শেষে কাঠগড়ায় দাঁড়ানো হাফিজুর রহমান রানাকে সনাক্ত করেন বাদী। এরপর সাক্ষীদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী এস এম শফিকুল ইসলাম।
আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আগামী ২৬ নভেম্বর।
গত ২৫ সেপ্টেম্বর একই বিচারক এ মামলায় অভিযোগ গঠন করেন।
গত ২৩ এপ্রিল ফেইসবুকে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবি সিদ্দীক। পরে সাধারণ ডায়েরি তদন্ত শেষে মামলায় রূপান্তরিত হয়। তদন্ত করেন শাহবাগ থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল।
জিডিতে উল্লেখ করা হয়, নিজের ফেইসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাফিজুর লেখেন, “হায়েনা, ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি... পারবি না। আমরা বুয়েটের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা হলাম শিকারি। প্রথমে তোর মাথায় গুলি করবো, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙিয়ে রাখবো। যাতে আর কোনো হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়।”
আসামি এ মামলায় প্রথমে ১৪ অগাস্ট হাইকোর্ট থেকে এবং পরে ১৮ সেপ্টেম্বর নি¤œ আদালত থেকে জামিন পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এইচএ/২৩০৪ ঘ.
bdnews24