২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর স্কুলে ‘বাধ্যতামূলক’ কোচিং ফি

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা হলেও রাজধানীর স্কুলেই কোচিং ফি’র নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের কাছ থেকে ‘বাধ্যতামূলক’ কোচিং ফি নেয়ার অভিযোগ ওঠেছে রাজধানীর একটি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। সালমা আক্তার স্বর্ণা নামের এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য গত রোববার তার ছোট বোন বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ফরম পূরণ করেছে। তিনি বলেন, “আনুষঙ্গিক খরচসহ ফরম পূরণের জন্য রিসিটের মাধ্যমে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছে। আর মডেল টেস্টের জন্য দেড় হাজার এবং কোচিং ফি বাবদ আরো দুই হাজার টাকা নিয়েছে রশিদ ছাড়াই।” গত ২০ জুন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ জারি করে সরকার। ওই নীতিমালায় বলা আছে, কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে ছাত্রছাত্রীর তালিকা, রোল, নাম ও শ্রেণি উল্লেখ করে জানাতে হবে। মডেল টেস্ট ও কোচিং ফি বাবদ অতিরিক্ত সাড়ে তিন হাজার টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিয়েছি, এদের কাছ থেকেই কোচিং ফি নেয়া হচ্ছে।” তবে তার এই দাবি সঠিক নয় বলে অভিযোগ করেছেন সালমা নামের ওই অভিভাবক। তিনি বলেন, “আমার ছোট বোন সব বিষয়ের পাস করলেও কোচিং ফি ও মডেল টেস্টের জন্য সাড়ে তিন হাজার টাকা নেয়া হয়েছে। এই টাকা দিতে আপত্তি জানালে অধ্যক্ষ কথা শোনেননি।” সব বিষয়ে পাস করার পরও কোচিং ফি ও মডেল টেস্টের জন্য ছেলের কাছ থেকে অতিরিক্ত সাড়ে তিন হাজার টাকা নেয়ার কথা জানিয়েছেন আরেক অভিভাবক রফিকুল ইসলাম। তিনি বলেন, “ঢালাওভাবে সব শিক্ষার্থীর কাছ থেকেই কোচিং ফি ও মডেল টেস্টের টাকা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।” এ বিষয়ে আবারো দৃষ্টি আকর্ষণ করা হয় অধ্যক্ষ শামসুল আলমের। এ পর্যায়ে তিনি জানান, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সভা করেই কোচিং ফি ও মডেলে টেস্টের টাকা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। অভিভাবকরা জানিয়েছেন, এ ধরনের কোনো সভা হয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।” “যদি অভিযোগের সত্যতা পাই তাহলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা জারি করেছে।” ফাহিমা বলেন, ফরম পূরণের সময় নেয়া সম্পূর্ণ অর্থের হিসাব বোর্ডে জমা দিতে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের আগেই নির্দেশ দেয়া আছে। এরপরেও কেউ অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭০১ ঘ.