মাদারীপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর থেকে অপহৃত এক কলেজ ছাত্রকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার আটরশির বিশ্ব জাকের মনিজল থেকে উদ্ধার সৈয়দ নিয়ামুল হক (১৭) শিবচর বরহামগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে।
অসুস্থ নিয়ামুলকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার এসআই নিউটন দত্ত বলেন, রোবাবার সকালে শিবচর পৌর এলাকার কলেজ মোড় থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মোবাইল ফোন কলের সূত্র ধরে আটরশির বিশ্ব জাকের মনিজল দরবার শরীফ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী দলের মূল হোতা নুরুল ইসলাম সরদারসহ (৪০) চারজনকে আটক করা হয়। নুরুল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার সরভবনিপুর গ্রামের ইব্রহিম খলিলের ছেলে, বলেন এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১২ ঘ.
bdnews24