ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত বর্জন ও অবমাননাকর আচরণের জন্য জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত ট্রাইব্যুনালে নিষিদ্ধ করেছেন বিচারক।
একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না- তাজুলসহ জামায়াত নেতাদের অপর দুই আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল আমীনকে ২২ নভেম্বরের মধ্যে তা জানাতে বলেছে ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই আদেশ জারি করে।
এক সাক্ষীকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে সোমবার ট্রাইব্যুনাল-১ বর্জন করে আসামীপক্ষের আইনজীবীরা। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার শুনানি চলাকালে ওই অভিযোগ তুলে তারা বেরিয়ে যান।
পরে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মিজানুল ইসলাম আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, আদালত তাদের সাক্ষীর নিরাপত্তা দিতে ব্যবস্থা না নেয়ায় তারাও নিরাপত্তাহীনতায় রয়েছেন।
মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর জিয়াদ আল মালুম আদালতকে বলেন, আসামীপক্ষের আইনজীবীরা নাটক সাজিয়ে মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। আদালত অবমাননার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
দুপুরের পর এ বিষয়ে আদেশ দেন বিচারপতি নিজামুল হক। তিন আইনজীবীকে কারণ দর্শাতে বলার পাশাপাশি তাজুল ইসলাম এর আগেও আদালত বর্জনের মতো আচরণ করায় তাকে গুরুতর অসদাচরণের কারণে ২২ নভেম্বর পর্যন্ত এজলাসে আসতে নিষেধ করেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬০৫ ঘ.
bdnews24