২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাচপুর-মিরপুরে বালু ব্যবসা উচ্ছেদে সময় ৩ দিন

কাচপুর সেতু এলাকা এবং মিরপুরের সিন্নিরটেক এলাকায় নদী তীর দখলকারী বালু ব্যবসায়ীদেরকে তিন দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাচপুর সেতু এলাকা এবং মিরপুরের সিন্নিরটেক এলাকায় নদী তীর দখলকারী বালু ব্যবসায়ীদেরকে তিন দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। আদালত একইসঙ্গে ১৫ দিনের মধ্যে নদী তীর থেকে ব্যবসায়ীদের রাখা সকল বালু অপসারণেরও নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা বাস্তবায়ন করে ৪ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। বিআইডব্লিউটিএর পরিচালক (পরিকল্পনা), পরিচালক (বন্দর ও ট্রাফিক), প্রধান প্রকৌশলী ও উপ-পরিচালক (নারায়ণগঞ্জ); ঢাকা নদী বন্দরের জ্যেষ্ঠ উপ-পরিচালক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, মিরপুর জোনের পুলিশের উপ-কমিশনার, মিরপুর ও নারায়ণগঞ্জ সদর থানার ওসিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। শীতলক্ষ্যা নদী দখল করে কাচপুর সেতু এলাকায় এবং তুরাগ নদী দখল করে মিরপুরের সিন্নিরটেকে সব ধরণের বালু ব্যবসা বন্ধে কেন বিবাদীদের প্রতি নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। যে কোনো ধরনের ‘ভূমি দস্যুর’ হাত থেকে ওই দুই নদীর তীর সুরক্ষায় এবং নদীর এলাকায় বালু ব্যবসা থেকে বিরত রাখতে বিবাদীদের প্রতি কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে। নৌ-পরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক; বিআইডব্লিউটিএর পরিচালক (পরিকল্পনা), পরিচালক (বন্দর ও ট্রাফিক), প্রধান প্রকৌশলী ও উপ-পরিচালক (নারায়ণগঞ্জ); ঢাকা নদী বন্দরের জ্যেষ্ঠ উপ-পরিচালক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, মিরপুর জোনের পুলিশের উপ-কমিশনার, মিরপুর ও নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া এবং সোসাইটি অব জাস্টিসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম এই রিট আবেদন করেন। গত ৩১ অগাস্ট ‘কাচপুর সেতু এলাকায় নতুন করে ১৭ বিঘা জায়গা দখল’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করা হয় ওই আবেদনের সঙ্গে। প্রতিবেদনে বলা হয়, কাচপুর সেতু সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে এখন কারও নামে জমির ইজারা নেই। সেখানে বালু-পাথর ব্যবসা নিষিদ্ধ। দখলদার আর অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এতো কিছুর পরও নদী দখলসহ অবৈধ কার্যকলাপ বন্ধ হয়নি। “কাচপুর সেতুর নিচে ও দুই পাশে নতুন করে অন্তত ১৭ বিঘা জায়গা কৌশলে দখল করার কথা জানিয়েছেন নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বশীল সূত্র। এ ছাড়া নদীর তীরের প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে চলছে বালু, পাথর ও মাটির অবৈধ ব্যবসা”, বলা হয় প্রতিবেদনে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ২০০৯ সালের ২৪ ও ২৫ জুন ঢাকার চারপাশের চার নদী রক্ষায় রায় দেয়। ওই রায় অনুসারে সংশ্লিষ্টরা এই এলাকায় নদী দখল করে বালু ব্যবসা করতে পারেন না। “এটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ সহ অন্যান্য আইনের লঙ্ঘন। এ কারণে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আমরা হাই কোর্টে রিট করেছি”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৫০ ঘ.