২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ প্রমাণ করতে পারলে পুরস্কার দেবে প্রাণ

প্রাণের বিভিন্ন পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধের বিষয়ে হাই কোর্টের রুলের পর এ ঘোষণা দিল প্রাণ ফুডস লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:26 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণ ফুডস লিমিটেডের বিভিন্ন পণ্যে ভেজালের যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করে ভেজাল প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাণের বিভিন্ন পণ্যে ভেজাল নিয়ে যে প্রচারণা চলছে তা ঠিক নয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাণ ফুডসের পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, জুস ও ড্রিংকসহ পাঁচশ’ ধরনের রয়েছে প্রাণের। এর মধ্যে প্রাণ অরেঞ্জ ড্রিংকের বিপণন ও বাজারজাতের অনুমোদন বাতিল করেছে বিএসটিআই। ওই পণ্যটি বাজার থেকে তুলেও নেয়া হয়েছে। “আমাদের বিভিন্ন ফলের জুসে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সংশ্লিষ্ট ফলের নির্যাস থাকে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রমাণ করতে পারেন যে, প্রাণের জুসে ফলের লেশমাত্র নেই, তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে,” বলেন তিনি। এই কর্মকর্তা বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাণের বিভিন্ন পণ্য নিয়ে যে অপপ্রচার চলছে তাতে প্রাণের আর্থিক ও ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। বিশ্বের ৮৮টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হয় জানিয়ে তিনি বলেন, এ অপপ্রচারের ফলে দেশেও কোম্পানিকে ক্ষতির মুখে পড়ছে। তিনি জানান, সারা দেশে প্রাণের সঙ্গে চুক্তিবদ্ধ ৭৭ হাজার কৃষক রয়েছেন যাদের কাছ থেকে পণ্য কিনে এনে প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও বাজারজাত করে প্রাণ। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্ú্রতি বিভিন্ন পণ্যের যে মান ঠিক করছে তাতে বিভিন্ন ফলের জুসে কী পরিমাণ ‘পাল্ফ’ থাকতে হবে তা উল্লেখ করে দেয়ার দাবি জানান তিনি। গত রোববার হাই কোর্টের এক আদেশে প্রাণ ফুডস লিমিটেডের বিভিন্ন ‘ভেজাল’ পানীয়ের উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। আগামী ১৮ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়। প্রাণের ম্যাঙ্গো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইন আপেল ও ফ্রুট ককটেল নামে বোতলজাত পানীয় এই রুলের আওতায় পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচ/জেকে/১৩৩১ ঘ.