২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুর্নীতি মামলা

ভিওআইপির মাধ্যমে অবৈধভাবে ২০৫ কোটি টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিওআইপির মাধ্যমে অবৈধভাবে ২০৫ কোটি টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে বাংলাদেশ টেলি কমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রমনা থানায় এ বিষয়ে পাঁচটি মামলা করা হয়। এসব মামলার আসামির তালিকায় বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ ও সদস্য (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা) মোহাম্মদ তৌফিকসহ প্রতিষ্ঠানটির ছয় কর্মকর্তা ও বিটিসিএলের সঙ্গে যুক্ত একাধিক বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধির নাম রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, উপপরিচালক এস এম সাহিদুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে বিটিসিএলের বৈদেশিক কল টারমিনেশনসহ নানা অভিযোগ অনুসন্ধান করেন। এই দলের অপর সদস্যরা হলেন উপ সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান, উপ সহকারী পরিচালক, মো. নাজিম উদ্দিন এবং উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুস্ সাদাত। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে, বিটিসিএলের সুবিধা ব্যবহার করে অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) মাধ্যমে কল টার্মিনেশন করে কিছু কর্মকর্তা-কর্মচারীর ২০৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ করেছেন। ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বিটিসিএল ও রাষ্ট্রের স্বার্থবিরোধী চুক্তি করে এ লুটপাট করা হয়েছে। অনুসন্ধানী দলের সদস্য উপপরিচালক এস এম সাহিদুর রহমান দুটি, উপ সহকারি পরিচালক মো. নাজিম উদ্দিন দুটি ও উপ সহকারি পরিচালক রাফী মো. নাজমুস সাদাত একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/জেকে/১৩৫০ ঘ.