চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর তীর থেকে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়নের ৫ নম্বর স্লুইস গেইট এলাকা থেকে ৯ হাজার ৯৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ইয়াবা বহনকারী ইঞ্জিনচালিত বোটটি আটক করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান এসেছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এই ঘটনায় টেকনাফ থানায় মামলা হচ্ছে।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩১৬ ঘ.
bdnews24