ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থিত জিয়া ব্রিগেড থেকে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই দলের সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হয়।
নতুন এই দলের আহ্বায়ক হয়েছেন জিয়া ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবাল।
এছাড়া শামীম খান, ইফতেখার আলম, জাকারিয়া নেওয়াজ, আহমেদ আনোয়ার জাহিদ, মিঠুন রায়, অ্যাডভোকেট তানভীর হায়দার, তরুণ চাকমা, নাজমা আক্তার দলে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
জাহিদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিয়া ব্রিগেডের বিলুপ্তির মধ্য দিয়ে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির যাত্রা শুরু হয়েছে। জিয়া ব্রিগেডে স্বাধীনভাবে কাজ করতে না পারায় আমরা নতুন এই রাজনৈতিক দলের ছায়ায় এসেছি।”
দেশে হরতালসহ যে কোনো ধরনের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি বন্ধে জনমত গঠনের জন্য কাজ করবেন বলেও জানান তিনি।
এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান নতুন এই দলের প্রধান।
“দেশের চলমান রাজনৈতিক প্রথাকে আমরা পরিবর্তন করতে চাই। নতুন প্রজন্মের রাজনীতি সচেতন মানুষদের দ্বারা দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই,” বলেন তিনি।
ইতোমধ্যে দলের গঠনতন্ত্র প্রস্তুত হয়েছে জানিয়ে জাহিদ ইকবাল বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের দল নির্বাচন কমিশনে তালিকাভুক্ত হবে বলে আমরা আশা করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/১৮২৫ ঘ.
bdnews24