ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘পূর্ণাঙ্গ ডিজিটালাইজড’ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কাগজবিহীন করা হবে। মন্ত্রণালয়ের সব কাজ হবে ডিজিটাল পদ্ধতিতে। চিঠিপত্রও সংরক্ষিত হবে ডিজিটালি।”
অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজিটালভাবে ফাইলপত্র আদান-প্রদান করবে বলে জানান মন্ত্রী।
টেকনিক্যাল লিংকেজ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতিতে মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশনের কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এই কর্মসূচিতে সহায়তা দেবে চীন ।
এর আগে মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূত লি জুন সাক্ষাৎ করেন।
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চীনের রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে আলমগীর বলেন, যোগাযোগ খাত ও গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯৩০ ঘ.
bdnews24