ঝালকাঠী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনের মামলা প্রত্যাহারের বিষয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না তার পরিবার।
র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে জেলা প্রশাসকের দেয়া প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে লিমনের মা হেনোয়ারা বেগম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন ও সালিশ কেন্দ্রসহ মানবাধিকার সংগঠনগুলোর সাহায্যে লিমনকে নিয়ে আমি এতদূর আসতে পেরেছি। এ ব্যাপারে আমি তাদের ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারি না।”
“এখন দেড় বছর পর প্রশাসন আমাদের খবর নিতে শুরু করেছে, এতোদিন তারা কোথায় ছিল”, যোগ করেন তিনি।
ঝালকাঠীর জেলা প্রশাসক গত মঙ্গলবার লিমন হত্যাচেষ্টা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার মা হেনোয়ারা বেগমের দেয়া নারাজি আবেদন প্রত্যাহারের প্রস্তাব দেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয়েছে।
এতে বলা হয়, প্রস্তাবে রাজি হলে লিমনের বিরুদ্ধে র্যাবের করা দুটি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।
গত বছরের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত হন উচ্চ মাধ্যমিকের ছাত্র লিমন। পরে তার একটি পা কেটে ফেলতে হয়।
লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে; যদিও র্যাব বলছে, লিমনসহ তার পুরো পরিবারই সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট।
র্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পর লিমনের মা হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের বিরুদ্ধে পাল্টা মামলা করেন।
লিমনের মায়ের মামলায় র্যাব সদস্যদের অব্যাহতি দিয়ে গত ১৪ অগাস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ওই প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা গত ৩০ অগাস্ট আদালতে নারাজি আবেদন করেন।
১৭ অক্টোবর নারাজি আবেদনের ওপর শুনানি হয়। আগামী ১২ ডিসেম্বর আবেদনের ওপর বিচারকের আদেশ দেয়ার কথা রয়েছে।
এদিকে মামলা প্রত্যাহারে জেলা প্রশাসকের ‘আপস’ প্রস্তাবকে ‘প্রহসন ও দুরভিসন্ধিমূলক’ আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার রাতে লিমনের মাকে টেলিফোন করেন র্যাবের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান।
হেনোয়ারা জানান, মামলা তুলে নিতে ঝালকাঠী জেলা প্রশাসকের দেয়া প্রস্তাবের বিষয়ে তিনি খোঁজ-খবর নিয়েছেন।
লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অসুস্থ থাকা অবস্থায় তিনি (জিয়াউল) আমাদের বাড়িতে এসেছিলেন, ঘটনার খোঁজ খবর নিয়েছিলেন, ওই সময় আমাকে তিনি ৫ হাজার টাকাও দিয়েছিলেন”, বলেন লিমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/আরএ/জেকে/এমআই/১৪২০ ঘ.
bdnews24