২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র:আদালতে হাবিলদার গোলাম রসূলের সাক্ষ্য

অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে সার্জেন্ট আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে অস্ত্র খালাসের স্থান সিইউএফএল জেটি ঘাটে সর্বপ্রথম যান হাবিলদার গোলাম রসূল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিচিত ব্যক্তির ফোন পেয়ে সার্জেন্ট আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে অস্ত্র খালাসের স্থান সিইউএফএল জেটি ঘাটে সর্বপ্রথম যান হাবিলদার গোলাম রসূল। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় আদালতে দেওয়া সাক্ষ্যে এ কথা বলেন তিনি। বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন বন্দর পুলিশ ফাঁড়ির তৎকালীন হাবিলদার গোলাম রসূল। সাক্ষ্যে তিনি বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাত পৌনে এগারটার দিকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানান যে, সিইউএফএল জেটি ঘাটে ট্রলার থেকে ক্রেনের সাহায্যে মালামাল নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি ফোনের লাইন কেটে দেন। বিষয়টি সার্জেন্ট হেলালকে টেলিফোনে জানানোর পর তারা দুজন মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে গিয়ে অনেক লোকজন এবং বাক্স ভর্তি দুটি ট্রলার, সাত/আটটি ট্রাক এবং একটি ক্রেন দেখতে পান। হাবিলদার গোলাম রসূল জানান, ক্রেন দিয়ে ট্রলার থেকে মালামাল ট্রাকে তোলা হচ্ছে দেখে তিনি শ্রমিকদের এগুলো কিসের মালামাল প্রশ্ন করলে তারা এগুলো মেশিনারি মালামাল বলে জানায়। মালামালগুলোর মালিক কে- এমন প্রশ্নের জবাবে শ্রকিরা মালামালের মালিক আশপাশে আছে বলে শ্রমিকরা তাদের জানান। তিনি আরও বলেন, এসময় কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আলাউদ্দিন ট্রলার পার্টি নিয়ে ঘটনাস্থলে আসার পর সার্জেন্ট হেলাল উদ্দিনসহ তিনজন মালামালের মালিককে খুঁজতে থাকলে পাঁচ/সাতজন লোক এগিয়ে এসে তাদের মধ্যে একজন নিজেকে হাফিজ এবং অপরজন নিজেদের উলফা নেতা আবুল হোসেন পরিচয় দেন। এসময় আবুল হোসেন কেন তারা এখানে এসছে এবং কি চায় তা জানতে চেয়েছিল বলে তিনি জানান। হাবিলদার গোলাম রসুল আরও জানান, সার্জেন্ট আলাউদ্দিন বাক্স ভর্তি মালামালের কাগজপত্র দেখতে চাইলে হাফিজ তাদের এগুলো অস্ত্র ও গোলা বারুদ বলে জানান। সরকারের উচ্চ পর্যায়ের সব সংস্থা এই অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে অবহিত আছে জানিয়ে হাফিজ ও আবুল হোসেন তাদের ভয়-ভীতিও দেখান। এসময় হাফিজ অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং মোবাইল ফোনটি সার্জেন্ট আলাউদ্দিনকে দিয়ে এনএসআই ডিজি’র সঙ্গে কথা বলতে বলেন। “এসময় সার্জেন্ট আলাউদ্দিন মোবাইল ফোনে কথা না বলে বিষয়টি বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি-বন্দর) আব্দুল্লাহ আল হেল বাকীকে অবহিত করেন। তিনি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে কোন ট্রাক বা ট্রলার যাতে ঘাট থেকে বের হতে না পারে সেব্যাপারেও নির্দেশ দেন”, বলেন হাবিলদার গোলাম রসুল। তিনি বলেন, কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান ঘটনাস্থলে আসার পর সার্জেন্ট আলাউদ্দিন ও সার্জেন্ট হেলাল উদ্দিন জেটিঘাটে উপস্থিত হাফিজ ও আবুল হোসেনকে ওসি আহাদুর রহমানের কাছে নিয়ে যান। তখন হাফিজ ও আবুল হোসেন ওসিকে বলেন, এসব অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সব সংস্থা জানে। সাক্ষ্যে গোলাম রসুল বলেন, “অস্ত্র আটকের রাতে সার্জেন্ট হেলাল উদ্দিন ও আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে উলফা সন্দেহে পাঁচ জনকে আটক করে বন্দর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখি।” এছাড়া জেটিঘাটে থাকাকালে তিনি দ্বীন মোহাম্মদ, মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বার, জসিম ও ট্রলার মালিক হাজী সোবহানকে দেখতে পান। জেটিঘাট থেকে পরদিন সকালে সার্জেন্ট আলাউদ্দিনকে নিয়ে বন্দর পুলিশ ফাঁড়িতে যান উল্লেখ করে গোলাম রসুল জানান, আটককৃত পাঁচজনকে না পেয়ে তিনি সার্জেন্ট আলাউদ্দিনকে জিজ্ঞেস করেন। আলাউদ্দিন তাকে বলেন, “ডিসি বন্দর সিএমপি (চট্টগ্রাম মহানগর পুলিশ) কমিশনারের সঙ্গে আলাপ করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে পাঁচ জনকে ছেড়ে দেন।” সাক্ষ্যে গোলাম রসুল বলেন, “পরবর্তীতে তদন্তের সময় জানতে পারি যে আবুল হোসেন পরিচয়দানকারী ব্যক্তি এনএসআইয়ের মেজর লিয়াকত হোসেন।” দুপুর পৌনে একটায় শুরু হওয়া এ সাক্ষ্য মাঝে এক ঘন্টার মধ্যাহ্ন বিরতিসহ বিকেল পাঁচটায় শেষ হয়। সাক্ষ্য শেষে মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের আইনজীবী শহীদুর রহমান তাকে জেরা করেন। আদালত বৃহস্পতিবার সকাল পর্যন্ত মুলতবি করা হয়। ওইদিন সাক্ষীকে পুনরায় জেরা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/১৯৫৬ ঘ.