সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্যারম খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাহাদুর প্রামানিক (৪৫) নামের একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত সাতজন।
মঙ্গলবার রাতে উপজেলার বারইগাতী গ্রামে এ সংঘর্ষ বাঁধে বলে উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ওই গ্রামে প্রামানিক ও খন্দকারদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার রাতে ক্যারম খেলাকে কেন্দ্র করে খন্দকার গোষ্ঠীর বিপুল এবং প্রামানিক গোষ্ঠীর আমিরুলের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে বাহাদুর প্রামানিকসহ আটজন আহত হয়। গুরুতর আহত বাহাদুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৫৩ ঘ.
bdnews24