ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যের নামে করা মামলায় দুই মাস ২০ দিন হাজতবাসী বগুড়ার আঞ্জুয়ারা বেগমকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ বুুধবার এই আদেশ দেয়। তাকে নিরাপদে বাড়ি পৌছে দিতে বগুড়ার এসপিকে আদেশ দিয়েছে আদালত।
এছাড়া ভুল লোক গ্রেপ্তার হওয়ার বিষয়টি তদন্ত করে আদালত দায়ীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে। পাশাপাশি মামলাটি চলিয়ে যেতে বলা হয়েছে, যাতে পরে ঘটনার শাস্তি না হলে আদালতে প্রতিকার চাওয়া যায়।
আদালতে রিটকারী দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আদেশ দেয়ার আগে আদালত নাটোরের পুলিশ সুপার কাইমুজ্জামান খান এবং বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হকের বক্তব্য শোনেন।
পরে সংশ্লিষ্ট মামলায় আঞ্জুয়ারা আসামি নন- তা নিশ্চিত হয়ে আদালত আদেশ দেয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলমও আদালতে উপস্থিত ছিলেন।
গত ২৫ অক্টোবর দৈনিক প্রথম আলোয় ‘পরোয়ানা লাইলী বেগমের নামে হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আসাদুজ্জামান সিদ্দিকী ও এখলাস উদ্দিন ভূঁইয়া সোমবার সকালে এই ‘হেবিয়াস কর্পাস’ রিট আবেদনটি করেন।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, লাইলী বেগমের নামে তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অথচ পুলিশ আঞ্জুয়ারা বেগম নামের অন্য এক গৃহবধূকে সেই পরোয়ানায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশের ভুলে দুই মাস ২০ দিন ধরে বিনা অপরাধে হাজতবাস করে এখন তিন মামলায় দুই জেলার আদালতে গিয়ে হাজিরা দিতে হচ্ছে নিরপরাধ আঞ্জুয়ারা বেগমকে।
পুলিশ ও কারা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চোরাচালানের অভিযোগে বগুড়া সদরের চারমাথা নিশিন্দারা এলাকার দুদু শেখের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধে ২০০৫ সালের জুনে নাটোর সদর থানায় একটি এবং ২০০৮ সালের ফেব্রুয়ারি ও মে মাসে পাঁচবিবি থানায় দুটি মামলা হয়। এসব মামলায় আদালত লাইলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তবে বগুড়া সদর থানার উপশহর ফাঁড়ির পুলিশ সেই পরোয়ানা তামিল করতে গিয়ে গত ৩ অগাস্ট ভোরে চারমাথা এলাকা থেকে আঞ্জুয়ারাকে (৪৪) আটক করে ওই তিন মামলায় গ্রেপ্তার দেখায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আঞ্জুয়ারার স্বামী আবদুল আজিজ চারমাথা এলাকায় পানের দোকান চালান। তার বাসা শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকায়। আঞ্জুয়ারার বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ আঞ্জুয়ারার জাতীয় পরিচয়পত্র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্রতিবেদন যাচাই করে নিশ্চিত হয় যে, তিনি লাইলী নন।
বিনা অপরাধে হাজতে থাকা আঞ্জুয়ারাকে মুক্তি দিতে গত ৬ সেপ্টেম্বর বগুড়ার পুলিশ সুপারের কাছে আবেদন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গত ২১ অক্টোবর জেলা পুলিশের মামলা সমন্বয় সভাতেও বিষয়টি ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩২৫ ঘ.
bdnews24