গোপালগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যম-িত ‘বাঘিয়ার নৌকা বাইচ উৎসব’ মঙ্গলবার গোপালগঞ্জে শুরু হয়েছে।
প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস , বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া উৎসবের উদ্বোধন করেন।
তিন দিনব্যাপী এ নৌকা বাইচ দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ও দুইশ’ বছরের পুরনো।
মনোমুগ্ধকর এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের দুই শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা বাছারী নৌকা অংশ নিচ্ছে।
লাখো প্রাণের আনন্দ-উচ্ছ্বলতায় দুইশ’ বছর ধরে জেলার কোটালীপাড়া উপজেলার বাবুর খালে কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত ২ কি. মি. এলাকা জুড়ে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
বিভিন্ন বয়সের মানুষ খালের দু’পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।
দুপুর থেকে নানা বর্ণের ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন নৌকা তুমুল বাইচ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চলে নৌকা বাইচের একের পর এক রাউন্ড।
বাদ্যের তালে তালে জারি সারি গান, নাচ এবং ‘হেঁইও হেঁইও’ রবে বৈঠার ‘ছলাৎ-ছলাৎ’ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। দুই কূলে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ উৎসাহ দেন বাইচের নৌকার মাল্লাদের।
তাদের করতালি ও হর্যধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় এক উৎসবের আমেজ।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস জানান, জলাভূমি বেষ্টিত কোটালীপাড়ার জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল নৌকা। পূজার সময় নৌকা নিয়ে এলাকার মানুষ জমিদার শিবরাম চৌধুরীর বাড়িতে যেতেন। পূজা দেখে ফেরার সময় নৌকায় নৌকায় পাল¬া হতো। নৌকার মাধ্যমে চিত্তবিনোদনের চিন্তা থেকে দুইশ’ বছর আগে স্থানীয় লোকজন এ নৌকা বাইচের প্রচলন করেন। সেই থেকে লক্ষ্মী পূজার পরের দিন থেকে এ অঞ্চলে নৌকা বাইচ হয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে।
কদমবড়ি গ্রামের ভবেন্দ্র নাথ বিশ্বাস (৬৫), কুমুরিয়া গ্রামের গৌর চন্দ্র বিশ্বাস (৫৮ ), চঁন মোহন বিশ্বাস (৪৫ ) জানালেন, শৈশবকাল থেকেই তারা এ নৌকা বাইচ দেখে আসছেন। এলাকায় কখনোই কাউকে বিশেষ দায়িত্ব নিয়ে বাইচের আয়োজন করতে হয়না। বহু বছর ধরে স্বতঃস্ফূর্তভাবে এ নৌকা বাইচ হয়ে আসছে।
উৎসবে অংশ নেয়া নৌকার মালিক সহদেব বাড়ৈ (৫০ ), জীতেন্দ্র নাথ গাইন (৪০), রবীন্দ্র নাথ ঢালী (৪৪), সুশান্ত রায় (২৫), প্রভাস মজুমদার (১৮) বলেন, নৌকা তৈরী, সাজ-সজ্জা , মাঝি-মাল্লাদের খাবার, পোশাকসহ প্রচুর অর্থ ব্যয় করা হয়। এখান থেকে তাদের কোনো আয় হয়না। শুধু ঐতিহ্য ধরে রাখতে তারা এর আয়োজন করে থাকেন।
বাইচ নৌকার মাঝি লাল চাঁদ বিশ্বাস (৩০), অসীম বৈদ্য (৩৪), ফুলচাঁদ বাড়ৈ (৩২) জানান, মানুষকে আনন্দ দিতেই এই নৌকা বাইচের আয়োজন। পাশাপাশি তারাও আনন্দ পান। পারিশ্রমিকের আশা করেন না।
কালিগঞ্জের নৌকা বাইচ প্রথমবারের মতো দেখতে এসেছেন খুলনার আ. সালাম (৫৫)।
তিনি বলেন, “জীবনে অনেক নৌকা বাইচ দেখেছি। কিন্তু এখানকার মতো এত বড়, বর্ণাঢ্য ও রাজকীয় নৌকা বাইচ আমি দেখিনি। আমার দেখা নৌকা বাইচগুলোর মধ্যে এটিই সেরা ও সবচেয়ে বড়।”
গৃহবধূ অঞ্জলী রানী মজুমদার (৪৫), রেনুকা হালদার (৩১), পদ্ম রানী বালা (৩২), রিতা বিশ্বাস (২৮) জানালেন, নৌকা বাইচের দিনটি তাদের কাছে পরম পাওয়ার। এ দিন জামাই-মেয়ে, অতিথি, আত্মীয়-স্বজন বাড়িতে বেড়াতে আসে। তাদের আপ্যায়ন করে আনন্দের মধ্য দিয়ে সময়টা কেটে যায়। গৃহকর্ম সেরে বিকেলে তারা নৌকা বাইচ দেখতে যান। মেলা থেকে কেনাকাটা সেরে নেন।
কলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, “সারাদেশে নৌকা বাইচ যখন বিলুপ্তির পথে গোপালগঞ্জে সেখানে নৌকা বাইচ টিকে রয়েছে। নদীমাতৃক এ জেলার দুইশ’ বছরের ঐতিহ্যবাহী বাঘিয়ার নৌকা বাইচ টিকিয়ে রাখতে বাবুর খাল খনন করা প্রয়োজন।”
বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ নৌকা বাইচ উৎসব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১০৭ ঘ.
bdnews24