২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ খুন: ৪ দিনের হেফাজতে গৃহশিক্ষক

চট্টগ্রামের খতিবের হাটে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিন জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত গৃহশিক্ষক তারেককে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খতিবের হাটে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিন জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত গৃহশিক্ষক তারেককে জিজ্ঞাসাবাদে চার দিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমেদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাইনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেককে জিজ্ঞাসাবাদে ১০ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল। আদালত চার দিন মঞ্জুর করেছে। গত ২৩ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকার মা-মনি ভিলার পঞ্চম তলায় আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দুই দিন বাদে ২৫ অক্টোবর খুনের ঘটনায় জড়িত সন্দেহে গৃহশিক্ষক তারেক চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সংবাদ সম্মেলনে মোবাইল ফোনের লোভে তিন জনকে খুন করার কথা দাবি করেন তারেক। ওইদিন তিনি চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে খুনের কথা স্বীকার করে চারপৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮১৪ ঘ.