২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৫ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে ডাকাত সন্দেহে পিটুনিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় সাড়ে পাঁচশ’ লোককে আসামি করে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নোয়াখালী, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে ডাকাত সন্দেহে পিটুনিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় সাড়ে পাঁচশ’ লোককে আসামি করে মামলা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. এমরান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে চর এলাহী ইউনিয়নের গ্রাম পুলিশ ছবিরুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন। সোমবার সন্ধ্যার ওই ঘটনায় নাসির (২৮), মালেক (৩০), মান্নান (২৫), সোহাগ (৩০) ও রাসেল (৩০) নামের পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুই ভাই নাছির ও মান্নান গাংচিল আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা। সোহাগ ওরফে মিস্টারের বাড়ি কোম্পানীগঞ্জের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে ও রাসেলের বাড়ি সুবর্ণচর উপজেলায়। তবে মালেকের ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সোমবার দুপুরে বামনী নদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল জলদস্যুর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর কয়েকজন ডাকাত চর এলাহীর গাঙচিল এলাকায় তীরে উঠে এলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে ধরে ফেলে পিটুনি দেয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচজনের লাশ সুধারাম থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহগুলো নোয়াখালী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩০৮ ঘ.