২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের সব কারখানা বন্ধ ঘোষণা

বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর ঈদের ছুটির মধ্যেই সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2012, 06:12 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর ঈদের ছুটির মধ্যেই সাভারের হেমায়েতপুরে হল-মার্ক গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভার শিল্প পুলিশের পরিদর্শক আবদুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১২টার দিকে কারখানার প্রধান ফটকে বন্ধের এই নোটিস টাঙিয়ে দেয়া হয়। তবে এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি বাতেন। সোনালী ব্যাংক থেকে নিয়ম ভেঙে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ ঋণ নেয়ার অভিযোগে হল-মার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও মহা ব্যবস্থাপক গ্রেপ্তার হওয়ার পর এই গ্রুপের বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৩০ হাজার শ্রমিকের বেতন-ভাতা আটকে যায়। তাদের আন্দোলন, বিক্ষোভ ও ভাঙচুরের প্রেক্ষিতে ঈদের আগে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হলেও ঈদ বোনাস ও ওভার টাইমের পাওনা বকেয়া রেখেই গত ২৫ অক্টোবর থেকে ছুটি ঘোষণা করা হয় এ গ্রুপের সব কারখানায়। শ্রমিকদের বলা হয় ৩ নভেম্বর কারখানা খুললে বকেয়া টাকা ও অক্টোবর মাসের বেতন দেয়া হবে। কিন্তু ওই ছুটি শেষ হওয়ার আগেই সোমবার রাতে অনির্দিষ্টকালের বন্ধের নোটিস টাঙিয়ে দেয়া হয়। এ বিষয়ে কথা বলার জন্য হল-মার্কের কোনো কর্মকর্তাকে মঙ্গলবার সকালে কারখানায় পাওয়া যায়নি। হেমায়েতপুরে ওই কারখানা কম্পাউন্ডের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২০৩ ঘ.