২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট-মেঘালয় বিদ্যুৎ সংযোগের পরিকল্পনা

পশ্চিমাঞ্চলের পর এবার উত্তর-পূর্বাঞ্চলেও ভারতের সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্থাপনের পথে এগোচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

নয়া দিল্লি, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমাঞ্চলের পর এবার উত্তর-পূর্বাঞ্চলেও ভারতের সঙ্গে বিদ্যুৎ সংযোগ স্থাপনের পথে এগোচ্ছে বাংলাদেশ। নতুন সংযোগটি হবে সিলেটের সঙ্গে মেঘালয়ের, যা নিয়ে আলোচনার জন্য সম্প্রতি রাজ্যটি ঘুরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। হাইকমিশনার বলেন, সুনামগঞ্জের ছাতক এবং মেঘালয়ের সোহরা গ্রিড লাইন সংযোগের আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। কুষ্টিয়ার ভেড়ামারা ও পশ্চিমবঙ্গের বরহমপুরের সঙ্গে বিদ্যুৎ সংযোগের সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। ওই সংযোগের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনার প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও হাইকমিশনার গত সপ্তাহে মেঘালয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত গ্রিড লাইন নিয়ে আলোচনা করেন। তারিক এ করিম বলেন, এর সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শিগগিরই হবে। মেঘালয়ের সঙ্গে বৃহত্তর সিলেটের ৪৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সোহরার অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভারতের ভেতরে। মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদের জানিয়েছেন, আগামী কয়েক বছরে বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প তারা বাস্তবায়ন করবে, যা থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেয়া যাবে। বাংলাদেশের প্রতিনিধিরা দেশের বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য কয়লা আনতে একটি আন্তঃসীমান্ত কনভেয়ার বেল্ট স্থাপনের জন্যও মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দেন। বর্তমানে সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানায় এই রকম একটি কনভেয়ার বেল্টে কাঁচামাল চুনাপাথর ভারত থেকে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৬ ঘ.