কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের সরকারি ছুটি রোববার শেষ হলেও নৌ-পথে সোমবারও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীর সংখ্যা ফিরে আসা মানুষের চেয়ে বেশিই দেখা গেছে। ট্রেনেও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক মো. মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দুই দিন পরও যাত্রীর যথেষ্ট চাপ রয়েছে।
দুপুর পর্যন্ত ৪৭টি লঞ্চ সদরঘাট টার্মিনাল ছেড়ে যায়। গতকাল ছেড়ে গিয়েছিল ৯৫টি। পক্ষান্তরে সোমবার ৫৮টি লঞ্চ সদরঘাটে ভিড়লেও তাতে যাত্রীর সংখ্যা বেশি ছিল না বলে মাহমুদ জানান।
ময়ূর-২ লঞ্চ থেকে চাঁদপুর থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী কামাল উদ্দিন টিটু বলেন, আসার পথে যাত্রীর চাপ কম হওয়াতে ভ্রমণ পীড়াদায়ক ছিল না।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন রুটে বিশেষ করে ময়মনসিংহে এখনো যাত্রীরা যাচ্ছেন।
সোমবার ২৬টি ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
শরিফ নামে এক ব্যক্তি বলেন, ঈদে নিরাপত্তা কাজে নিয়োজিত অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী ছুটি পাননি। বিভিন্ন ভবনের নিরাপত্তা শাখায়ও অনেকে ছিলেন, যারা এখন যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২১৪ ঘ.
bdnews24