২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবারণায় রামুতে উড়বে না ফানুস, ভাসবে না জাহাজও

গতমাসের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস না উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রামুর বৌদ্ধ যুবারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:23 PM

কক্সবাজার, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত মাসের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস না উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রামুর বৌদ্ধ সম্প্রদায়। সেইসঙ্গে রামুর ঐতিহ্যবাহী জাহাজভাসা উৎসব হচ্ছে না এবার। ২৯ অক্টোবর হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে ফানুস ও জাহাজ ভাসানো ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। রামু উপজেলা বৌদ্ধ যুব পরিষদের আহবায়ক রজত বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস না উড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর বদলে রামুর ঘটনার প্রতিবাদে নানা কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রবারণা পূর্ণিমার দিন সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় রামু কেন্দ্রীয় সীমা বিহারের হাজার প্রদ্বীপ প্রজ্জ্বলন, লাল চিং ও সাদা চিং বিহারে প্রতিকী ফানুস প্রদর্শন ও বাঁকখালী নদীতে প্রতীকী জাহাজ স্থাপন। রজত জানান, এছাড়া বেলা ২টায় প্রতিবাদ শোভাযাত্রা, সন্ধ্যায় ৭টায় প্রথম মিছিলের স্থান চৌমুহনীতে প্রতিবাদী প্রদ্বীপ জ্বালানো হবে। উখিয়া সর্বজনীন বৌদ্ধ উন্নয়ন পরিষদের সংগঠন প্রভাষক রণজিত বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রামুর ওই ঘটনার কারণে ফানুস না উড়ানোর সিদ্ধান্তসহ সংক্ষিপ্ত আয়োজনে প্রবারণা পূর্ণিমা পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় উখিয়ার প্রতিটি বিহারে হাজার প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে সংক্ষিপ্ত আয়োজনে প্রবারণা পূর্ণিমা পালনের সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়ও। বাংলাদেশ রাখাইন-বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যসোসিয়েশন এর দপ্তর সম্পাদক নিবু রাখাইন বলেন, কক্সবাজারের রাখাইন বৌদ্ধ পল্লীতে অল্প সংখ্যক ফানুস উড়ানো হবে। তবে আগের মতো অনুষ্ঠানের ব্যাপকতা থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/এমআই/১৯১৪ ঘ.