লন্ডন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির আচার্যের দায়িত্ব গ্রহণ করছেন নোবেল শান্তি পুরস্কারবিজয়ী বাংলাদেশি মুহাম্মদ ইউনূস।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সলটায়ার সেন্টারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস বলেন, “চ্যান্সেলর হিসেবে আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করব এবং শিক্ষার্থীদের বোঝাবো আমি যে কাজ করি এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই এবং তারাও একই কাজ করতে পারবে।”
গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির উপাচার্য পামেলা গিলিস বলেন, তার বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক দিন।
“আমি বিশ্বাস করি ড. ইউনূসের নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নেবে।”
২০০৮ সালে মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি লিট দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়টি। পরে ২০১০ সালে তার সম্মানার্থে বাংলাদেশে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়।
গত জুন মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পামেলা গিলিসের আহ্বানে এর আচার্যের পদ গ্রহণে রাজি হন ইউনূস। সাংবাদিক ও রাজনীতিক লর্ড ম্যাকডোনাল্ড অব ট্রেডস্টোনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কটিশ এডুকেশন সেক্রেটারি মাইক রাসেল ও স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কার্লা ফাইফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৪০ ঘ.
bdnews24