চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সদরে সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। ভাঙচুর হয়েছে তিনটি দোকান।
শনিবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড সদর বাজারে ঈদের নামাজ চলাকালীন সময়ে একটি সেলুনে গান বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানিয়েছে, সদরের সীতাকু- বাজারে ঈদের জামাতে মুসল্লিরা নামাজ আদায়ের সময় স্থানীয় একটি সেলুনে গান বাজছিল। এতে কিছু লোক ক্ষুব্ধ হয়ে নামাজ শেষে ওই দোকান ভাঙচুর করে।
সীতাকু- থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসময় বিক্ষুব্ধরা পার্শ্ববর্তী আরও দুটি দোকানেও ভাঙচুর চালায়।
পুলিশ ভাংচুরে বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ ১০ জন কমবেশি আহত হয়েছেন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে ওসি সামিউল বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৪৫৯ ঘ.
bdnews24