চট্টগ্রাম, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।
শনিবার সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় কোরবানির ঈদের আনুুষ্ঠানিকতা। এর পরপরই ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ বাড়িতে গিয়ে পশু কোরবানি দেয়।
সকাল ৮টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ ঈদ জামাতে বিভিন্ন রাজনৈতিক দল, শিল্পপতি-ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অপর বৃহৎ ঈদ জামাত। কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ জামাতে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।
জমিয়তুল ফালাহর ঈদ জামাতে নামাজ আদায় করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন, সিটি মেয়র এম মনজুর আলম, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ প্রমুখ।
ঈদের জামাত থেকে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া কামনা করা হয়।
এদিকে নামাজ আদায়ের পরপরই সকাল সাড়ে ৮টা থেকে নগরীর বিভিন্ন অলিগলি, রাস্তায়-মাঠে, বাসাবাড়ির সামনে পশু কোরবানি শুরু হয়।
কোরবানি শুরুর পর থেকেই নগরীর বিভিন্ন অলিগলি থেকে পশুর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৪৫৪ ঘ.
bdnews24