কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুই দিন তেমন চাপ না থাকলেও শুক্রবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শুরু হওয়া যাত্রীদের মিছিল যেন শেষ হওয়ার নয়। আর তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ হয়ে পড়ে দ্বিগুণ। তবে বিকাল ৪টার পর যাত্রীর চাপ কিছুটা কমে আসে।
শুক্রবার বিকাল চারটা পর্যন্ত সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলে ৬০টি লঞ্চ ছেড়ে যায়। এর আগে বৃহস্পতিবার সারাদিন ছেড়ে যায় ১২৬টি লঞ্চ।
তবে লঞ্চ মালিক সমিতি প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেশি লঞ্চ ছাড়লেও যাত্রী কম ছিল আর কোস্টগার্ডের বাড়াবাড়িতে যাত্রী না ভরেই লঞ্চ ছাড়তে বাধ্য হয়েছেন তারা।
অবশ্য তার এই অভিযোগ অস্বীকার করে সদরঘাট কোস্টগার্ডের পেটি অফিসার মো. আসাদুজ্জামান বলছেন, অতিরিক্ত যাত্রী, নদীর মাঝে যাত্রী না উঠানো এবং নদীর লাইন ঠিক আছে কিনা কোস্টগার্ড সে ব্যাপারেই তৎপর ছিল।
যাত্রীদের চাপ প্রসঙ্গে বিআইডাব্লিউটির ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য ঈদের তুলনায় বুধ ও বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে শুক্রবার সকাল থেকে যাত্রীর চাপ বেড়ে যায়। বিকাল ৪টার পর যাত্রী সংখ্যা কিছুটা কমে আসে।
টার্মিনাল ঘাটে দেখা যায়, আচল-৪, ময়ূর-২, সুন্দরবন, পারাবত, আবে জমজম, সোনারতরী লঞ্চে যাত্রী বোঝাই থাকা সত্ত্বেও লঞ্চগুলো ছাড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৪৩ ঘ.
bdnews24