রাঙামাটি/টাঙ্গাইল, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাপ্তাই ও টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ৬০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাঙামাটি প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার বিকালে কাপ্তাইয়ের রেশম বাগান এলাকায় একটি যাত্রীবাহী বাস খালে পড়ে বিজিবির এক নায়েকসহ সাত জন নিহত হন। এ সময় আহত হন আরো ২৫ জন।
কাপ্তাই থানার উপপরিদর্শক দোলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে কাপ্তাই সদর উপজেলার গেইট লক এলাকা থেকে ওই যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি কাপ্তাইয়ের রেশম বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ওই পাঁচ জনের মৃত্যু হয়।
নিহতরা হলো- বিজিবির ওয়া¹া ক্যাম্পের নায়েক আব্দুল সালাম, ফাতেমা বেগম ও তার চার মাসের শিশুপুত্র ফাহিম, শাহানাজ, অনিতা চাকমা ও ইব্রাহিম। এ ছাড়া অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ২৫ জন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে টাঙ্গাইলের ধনবাড়িতে অপর দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ জন।
টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, ধনবাড়ি উপজেলার নল্লা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চার জন নিহত হন। পরে মধুপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে এক আহতের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই জামালপুরের বাসিন্দা।
এরা হলেন- জামালপুর সদরের গুপিনাথপুরের জহিরুল ইসলামের ছেলে মো. মিন্টু মিয়া (৩২) ও তিঙ্গলহাটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), সড়িষাবাড়ি উপজেলার হোসনাবাদ গ্রামের ফজল চণ্ডির ছেলে জিন্নাহ (৩৫) ও শিবপুর গ্রামের কবির হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (১৮)।
ধনবাড়ি থানার ওসি মমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে জামালপুরগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধুপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স, জামালপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/এইচএ/০০০৭ঘ.
bdnews24