চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিন জনকে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার গৃহশিক্ষক তারেক চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুরের আদালতে খুনের বিষয়টি স্বীকার করে চার পৃষ্ঠার জবানবন্দি দেন।
পুলিশ খুনি গৃহশিক্ষক তারেককে আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন জানালে বিচারক আগামী ২৯ অক্টোবর শুনানির দিন রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রবাসীর স্ত্রী ডলি আক্তার ও তাদের দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সম্মেলন কক্ষে তারেকের দেয়া বক্তব্যই জবানবন্দিতে উল্লেখ করেছেন বলে জানান ওসি।
গত মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকার মা-মনি ভিলার পঞ্চম তলায় আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে গৃহ শিক্ষক তারেক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে খতিবের হাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় দুটি মোবাইল ফোনসেটের লোভ এবং গৃহকর্ত্রীর প্রতি ক্ষোভ থেকে এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে তারেক সাংবাদিকদের জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এএল/২০০৩ ঘ.
bdnews24