চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচিত ব্যস্ততা উধাও বন্দর নগরী থেকে, ফাঁকা বড় রাস্তায় এখন চোখে পড়বে রিকশার টুংটাং আর ছুটে চলা সিএনজি চালিত অটোরিকশার শব্দ।
গত তিন দিনে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার পর শুক্রবার এমনই ছিল বন্দর নগরীর চট্টগ্রামের অবস্থা। তবে ব্যতিক্রম বড় কাঁচা বাজার। সেখানে নগরীর বাসিন্দারা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা।
আর পাড়ায় পাড়ায় ছোট ছেলেরা ব্যস্ত ঈদের কোরবানির গরু নিয়ে।
বাস বা রেল স্টেশনে ঘুরে চোখে পড়েনি কুলিমজুরদের সেই চেনা হাঁকডাক বা যাত্রীদের পরিবহনে ওঠার প্রাণপণ চেষ্টা। সিটি সার্ভিসেও বাসের সংখ্যা একেবারে হাতেগোণা। কিছুটা ভিড় দেখা গেছে জেলার আন্তঃপথে (জেলা-উপজেলা সড়ক পথ)।
এ বছর দুর্গা পূজা ও ঈদুল আজহার ছুটি প্রায় একসঙ্গে হওয়ায় মানুষ ভিড় এড়িয়ে শহর ছেড়েছে বেশ কয়েকদিন ধরেই।
বিশেষত ঈদের নির্ধারিত ছুটি শুরুর আগে বুধবার বিজয়া দশমীর ছুটি থাকায় সেসময় অনেকেই নগরী ছেড়েছেন বলে বসিন্দারা জানান।
নগরীর এনায়েত বাজার এলাকায় রিকশাচালক শফিক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরে মানুষ নাই। তাই ভাড়া পাই কম।
আগে যেখানে ঘণ্টায় দুই থেকে আড়ইশ টাকা আয় করা যেত সেখানে দিনে একশ’ টাকা রোজগার করাই কঠিন হয়ে পড়েছে।
নগরীর শিল্পাঞ্চল কালুর ঘাট বিসিক এলাকা, ইপিজেডসহ অন্যান্য জায়গাগুলোতে নেই কোন কোলাহল।
নগরীর বদ্দারহাট থেকে কাঠগড় ১০ নং রুটের বাস চালক সেলিম মিয়া বলেন, দুই তিনদিন আগেও বাসে প্রচণ্ড ভিড় ছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর তা একেবারে নেই।
তবে এই ছুটিতে নগরীর অধিকাংশ শিল্প কারখানা বন্ধ থাকায় লোডশেডিংয়ের ভোগান্তি থেকে সাময়িক মুক্তি মিলেছে নগরবাসীর।
এ সব মিলিয়ে এ সময়ে যারা নগরীতে রয়েছেন তারা স্বস্তিতেই আছেন বলে মন্তব্য করলেন, লাভ লেইন এলাকার বাসিন্দা ফিরোজ আহামেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/সিএস/এএল/২০০১ ঘ.
bdnews24