রাঙামাটি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাপ্তাইয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে বিজিবির এক নায়েকসহ সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৩ জন।
শুক্রবার বিকালে কাপ্তাইয়ের রেশম বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
কাপ্তাই থানার উপপরিদর্শক দোলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে কাপ্তাই সদর উপজেলার গেইট লক এলাকা থেকে ওই যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি কাপ্তাইয়ের রেশম বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- বিজিবির ওয়া¹া ক্যাম্পের নায়েক আব্দুল সালাম, ফাতেমা বেগম ও তার চার মাসের শিশুপুত্র ফাহিম, শাহানাজ, অনিতা চাকমা ও ইব্রাহিম। এ ছাড়া অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ২৫ জন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আশঙ্কাজনক একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২১ ঘ.
bdnews24