ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঈদগাহসহ রাজধানীর ঈদের জামাতগুলোতে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা। তাছাড়া অপরাধ কর্মকা- প্রতিরোধে মাঠে রয়েছে পুলিশের বিশেষ দল।
শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবদুল জলিল।
তিনি বলেন, এরই মধ্যে জাতীয় ঈদগাহ ময়দানের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঈদ মাঠের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে পুলিশের বিশেষ টিম তৎপর থাকবে। দুর্গাপূজার মতো ঈদেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হওয়ার ব্যাপারে আমরা আশাবাদি।”
এর বাইরে ঈদের জামাত উপলক্ষে ঈদগাহে পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
ঈদের কারণে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় যেকোনো অপরাধমূলক কর্মকা- প্রতিরোধেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আবদুল জলিল।
ঈদের আগে ও পরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, “রাজধানী থেকে কোনোভাবেই যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারেও পুলিশের সজাগ দৃষ্টি থাকবে।”
শনিবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
এ বছর জাতীয় ঈদগাহ ময়দানে এক লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ১০ হাজার নারী মুসল্লি ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ে ডিএসসিসি এলাকার প্রতিটি ওয়ার্ডে চারটি করে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএ/এএল/১৭৩৭ ঘ.
bdnews24