ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রীতির চেতনায় ঈদুল আজহা উপযাপনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার ঈদ সামনে রেখে এক বিবৃতিতে দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, “স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানীর প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।”
কোরবানীর এই শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, “দেশের বর্তমান অবস্থায় সবার পক্ষে ঈদ আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দরিদ্র ও কম আয়ের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। পানি, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের তীব্র সঙ্কট জনজীবনে দুর্বিসহ অবস্থার সৃষ্টি করেছে।”
এ জন্য দেশের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
“ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দ একসাথে ভাগ করে নিতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা বিবৃতিতে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৫০ ঘ.
bdnews24