২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে ধীর গতি, ভোগান্তি

বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের গাজীপুর অংশে দীর্ঘ ৪০ কিলোমিটারের যানজটের সৃষ্টি হওয়ায় ঈদের আগের দিন দুপুরেও যানবাহন চলে ধীর গতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজীপুর¬, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের গাজীপুর অংশে দীর্ঘ ৪০ কিলোমিটারের যানজটের সৃষ্টি হওয়ায় ঈদের আগের দিন দুপুরেও যানবাহন চলে ধীর গতিতে। ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কের গাজীপুর অংশের কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ি ও ভোগড়া বাইপাস এবং চক্রবর্তী এলাকায় দীর্ঘ ৪০ কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়। তবে দুপুরে দিকে তা অনেকটাই কমে আসে। বেলা ২টায়ও চান্দনা চৌরাস্তা, মাওনা ও টঙ্গী এলাকায় বিক্ষিপ্তভাবে যানজট দেখা যায়। পরে পরিস্থিতির আরো উন্নতি হয়। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকা থেকে ভোগড়া বাইপাস এবং চন্দ্রা থেকে বাইপাইল পর্যন্ত সড়কে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত যানজট চলে। তবে শুক্রবার সকাল ১১টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. ইকবাল হোসেন বলেন, “বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ তৎপর থাকায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক সানোয়ার হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে জয়দেবপুর সড়কের কোনাবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। সকালে চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ১৫ কিলোমিটার, চন্দ্রা থেকে নবীনগরের বাইপাইল ১৫ কিলোমিটার সড়কে গাড়ি চলে থেমে থেমে। গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন বলেন, গাজীপুরের প্রায় ৮০০ পুলিশ সদস্য ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে কাজ করছেন। এদিকে ঈদের আগের দিন সকালে যানবাহন না পেয়ে বিপুল সংখ্যক যাত্রীকে বাসের ছাদে কিংবা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়। স্টেশনগুলোতেও যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায় বিপুল সংখ্যক যাত্রীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/জেকে/২০৫০ ঘ.