ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাত পোহালেই ঈদ উল আজহা। ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানসহ প্রধান স্থানগুলো এরইমধ্যে প্রস্তুত করেছে কর্তৃপক্ষ।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে।
বায়তুল মোকাররমে ঈদুল আযহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায় হবে।
চট্টগ্রাম
চট্টগ্রামে এবার ২৩১টি স্থানে ঈদুল আযহার জামাত হবে। এরমধ্যে ১৪০টি হবে সিসিসির অধীনে; আর ৯৩টি কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির অধীনে।
শনিবার সকালে নগরীতে প্রথম ও প্রধান ঈদ জামাত হবে ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। সকাল ৮টায় প্রথম জামাত এবং একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।
ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি।
সিসিসির তত্ত্বাবধানে জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী।
একইস্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্র জ্যেষ্ঠ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী।
সকাল সাড়ে ৮টায় লালদীঘি মাঠে হবে লালদীঘি জামে মসজিদের ঈদ জামাত। এতে ইমামতি করবেন মসজিদের খতিব গোলাম মোস্তফা মো. নুরুন্নবী।
এদিকে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে।
পটিয়া আল জামিয়া মাদ্রাসার মুফতি হাফেজ আহমেদ উল্লাহ এতে ইমামতি করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. মো. করিম।
রাজশাহী
রাজশাহী নগরীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) ময়দানে। তৃতীয় জামাত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তায় সকাল সোয়া ৮টায়।
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় জানিয়েছে, রাজশাহীতের এবার প্রায় ৮০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকাল ৮টায়, রাজশাহী বিভাগীয় উপশহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় মাঠে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সোয়া ৮টায়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।
এছাড়া সুলতানাবাদ মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায়, হাতেম খাঁ বড় মসজিদ কমপ্লেক্সে সকাল পৌনে ৮ টায়, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠে সকাল ৮টায়, লক্ষ্মীপুর শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, রাজশাহী জেলা স্টেডিয়াম মাঠে সকাল সোয়া ৮টায়, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, উপশহর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, শালবাগান গণপূর্ত মাঠে সকাল ৮টায় জামাত হবে।
খুলনা
খুলনায় ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউজ ময়দানে।
খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। আবহাওয়া খারাপ থাকলে সকাল ৮টায় এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে পর পর দুটি জামাত হবে। এছাড়া বসুপাড়া ঈদগাহ, খালিশপুর ঈদগাহ এবং লায়ন্স স্কুল ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে আলাদাভাবে জামাতের সময় নির্ধারণ করা হবে।
সিলেট
সিলেটে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট শাহী ঈদগাহে। সকাল ৮টায় এ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আব্দুল করিম বীন মুশাহীদ।
অন্য স্থানগুলোর মধ্যে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে সকাল সাড়ে ৮টায়, কাজির বাজার মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায়, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে।
শাহ আবু তোরাব (রহ:) জামে মসজিদে ঈদুল আযহার জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া শেখঘাট সরকারি কলোনি মাঠে সকাল ৮টায়, কানিশাইল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, ডাক বাংলা রোডের নবাবী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে ।
নগরীর বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল
এবার নগরীতে ১৬২টি মসজিদ ও ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধান জামাত হবে কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
জাতীয় ইমাম সমিতি জানিয়েছে, নগরীর প্রধান চারটি মসজিদে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবার।
কসাই মসজিদের উদ্যোগে আসমত আলী খান (এ কে) স্কুল মাঠে সকাল ৮টা ও ৯টায়, বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়, এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৯টায় এবং পুলিশ লাইনস মসজিদে সকাল ৮টা ও ৯টায় ঈদের জামাত হবে।
এছাড়া সদর উপজেলার চরমোনাইয়ের দরবার শরীফে সকাল ৯ টায়, স্বরূপকাঠী ছারছিনা দরবার শরীফে সকাল সাড়ে ৮টায়, উজিরপুরের চাঙ্গুটিয়া (গুঠিয়া) বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায়, ঝালকাঠী কায়েদ সাহেব হুজুরের দারবার শরীফে সকাল ৮টায় এবং পটুয়াখালী মীর্জাগঞ্জের ইয়াজউদ্দিন খলিফার দরবার শরীফে সকাল ৮টায় ঈদের জামাত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১১৪২ ঘ.
bdnews24