সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনির পর আরো ১০টি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির ৬ হাজার কোটি টাকা আর্থিক অনিয়মের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কর্মকর্তারা বলছেন, এই ১০ প্রতিষ্ঠানের মধ্যে ইউনিপে টু ইউ, ইউনিগেট ওয়ে টু ইউ, ইউনিরুট ফাইন্যান্স ও মা পলিকম লিমিটেডহর ছয় প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের তথ্য ইতোমধ্যে দুদকের হাতে এসেছে। আর ঈদের পর ইজেন্ট ইন্টারন্যাশনাল, র্যাবন এক্স, ল অ্যট ভিশন এবং পিক এশিয়া অনলাইন বাংলাদেশ লিমিটেডের বিষয়ে অনুসন্ধান শুরু হবে।
এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলামকে প্রধান করে গঠিত একটি তদন্ত দল।
দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেসটিনি ২০০০ লিমিটেডের আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ার পর আমরা দেশের অন্যান্য এমএলএম কোম্পানি সম্পর্কে সজাগ হই। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।”
এসব কোম্পানি দুদকের তফসিলভুক্ত কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে যুক্ত কি না- তা দেখাই এ অনুসন্ধানের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।
এসব প্রতিষ্ঠানের অনিয়মের কোনো প্রমাণ পাওয়া গেছে- কি না জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, “কোনো অনিয়মের অস্তিত্ব না থাকলে দুদক অনুসন্ধান কাজ চালাতো না।”
“দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণী পেশার মানুষ এসব কোম্পানিতে বিনিয়োগ করেছে। এখানে প্রত্যক্ষভাবে সাধারণ মানুষের স্বার্থ যুক্ত। তাই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।”
প্রয়োজনীয় আইন ও নিয়ন্ত্রক সংস্থার অভাবে গত কয়েক বছরে দেশে বেশ কিছু এমএলএম কোম্পানি গজিয়ে ওঠে। নানা ধরনের ব্যবসার নামে উচ্চ হারে মুনাফার লোভ দেখিয়ে এসব প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে। পরে অনেক ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠানের কর্মীরা লাপাত্তা হয়ে যাওয়ায় ব্যবসার নামে প্রতারণার বিষয়টি সবার নজরে আসে।
২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে এভাবে প্রতারণার অভিযোগ ওঠে। বিনিয়োগকারীরা রাস্তায় নেমে সরকারের কাছে প্রতিকার চাইলে অর্থমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ব্যাংক উদ্যোগী হয়।
এরপর গত বছর জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে বলা হয়, এমএলএম ব্যবসায় কিছু প্রতিষ্ঠান বিদেশে সোনার বাজার কিংবা মুদ্রা বাজারে বিনিয়োগের নামে মাসে ১০ শতাংশেরও বেশি মুনাফার আশ্বাস দিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করছে।
ওই সময় দুর্নীতি দমন কমিশন কিছু এমএলএম প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে এবং বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করে।
সর্বশেষ অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগে ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এমডিসহ শীর্ষ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও তাদের গ্রেপ্তার করে দুদক। তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।
লাইসেন্স ছাড়া ব্যবসা ও প্রতারণা বন্ধে জেল জরিমানার বিধান রেখে ‘মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন-২০১২’ নামে একটি আইনের খসড়াতেও সম্প্রতি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে নিবন্ধিত এমএলএম প্রতিষ্ঠানের সংখ্যা ৬২টি। এর মধ্যে কেবল ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যাই প্রায় ৫০ লাখ। অন্য প্রতিষ্ঠানগুলোর প্রকৃত গ্রাহক সংখ্যা কতো সে তথ্য সরকারের কাছে নেই।
এমএলএম প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে নিবন্ধিত। তবে এসব প্রতিষ্ঠান বছরে কতো টাকার ব্যবসা করছে তারও কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১১১০ ঘ.
bdnews24