২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলি, ছিনতাইকারী নিহত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পুলিশ ও ছিনতাইকারীর মধ্যে গোলাগুলির সময় এক ছিনতাইকারী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পুলিশ ও ছিনতাইকারীর মধ্যে গোলাগুলির সময় এক ছিনতাইকারী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকালে টঙ্গিবাড়ির কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ আরেক ছিনতাইকারীকে আটক করা হয়। অবশ্য ভোলা (৩০) নামের ওই ছিনতাইকারী কার গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেতকা-আব্দুল্লাপুর এলাকায় এক ব্যক্তি গ্রামীণ ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী এসে টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া দিলে কান্দিপাড়ায় দুইপক্ষের মধ্যে গোলাগুলি হয়। ওই সময় একটি মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। অপর মোটরসাইকেলের এক ছিনতাইকারী ঘটনাস্থলেই নিহত হয় এবং আরেকজন আহত হয় বলে জানান জেলা পুলিশ সুপার শাহাবুদ্দিন খান। তিনি বলেন, “ছিনতাইকারী ভোলা পুলিশ না নিজেদেরই ছোঁড়া গুলিতে নিহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।” ছিনতাইকারীদের ধরতে গ্রামবাসী সহায়তা করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৩৮ ঘ.