২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়াবাহী বাহনের জন্য ডিএমপির নির্দেশনা

কোরবানির ঈদের চামড়াবাহী যানবাহনের জন্য একমুখী সড়ক নির্ধারণ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদের চামড়াবাহী যানবাহনের জন্য একমুখী সড়ক নির্ধারণ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যেসব চামড়াবাহী যানবাহন আসবে সেগুলোকে গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে নবাবগঞ্জের উপর দিয়ে হাজারীবাগে যেতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটের চামড়াবাহী যানবাহনকে পলাশী ক্রসিং ও আজিমপুর ক্রসিং হতে বিজিবি সিনেমা হলের পাশ দিয়ে পিলখানা হয়ে হাজারীবাগে এবং অন্যান্য ক্ষেত্রে পশু চামড়াবাহী যানবাহনকে ঝিগাতলা ক্রসিং দিয়ে হাজারীবাগে প্রবেশ করতে বলেছে ডিএমপি। পোস্তা এলাকায় প্রবেশের জন্য ঢাকেশ্বরী রোড হয়ে লালবাগ চৌরাস্তা দিয়ে শায়েস্তাখান রোড ব্যবহার করতে বলা হয়েছে। অন্যদিকে ট্যানারি শিল্প এলাকা থেকে মালামাল খালাস করে আসা যানবাহনকে কালুনগর রোড অথবা রায়ের বাজার টালি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে এবং পোস্তা এলাকা থেকে ওয়াটার ওয়াক্স রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানা পাশ দিয়ে নাজিম উদ্দিন রোড ব্যবহার করতে বলা হয়েছে। ঈদের দিন দুপুর ১২টা থেকে ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই একমুখী সড়ক নির্দেশনা অনুসরণ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৭১৮ ঘ.