নারায়ণগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক নং খেয়াঘাট এলাকায় সিটি কর্পোরেশনের বেদখল হয়ে যাওয়া পশুরহাট উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে হাট দখলমুক্ত করার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকাদারের নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিল।
ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন থেকে ওই পশুর হাটটির খাজনা আদায় করবে সিটি কর্পোরেশন।”
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই শেখ রাসেল স্মৃতি সংসদ নামের সংগঠনটি পশুর হাটটি বসানো হয়েছিল বলে জানান তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একনং খেয়াঘাট এলাকার দু’পাশের খালি জায়গায় কোরবানীর পশুর হাট বসানোর জন্য ৬১ লাখ টাকার বিনিময়ে ইজারা দেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
অন্যদিকে, ‘শেখ রাসেল স্মৃতি সংসদ’ এর বন্দরের সভাপতি পরিচয়ে কাজী জহিরুল ইসলামকে ৮৭ হাজার ৮শ’ ৪৩ টাকায় একই জায়গায় হাট বসানোর অনুমতি দিতে সুপারিশ করে বিআইডব্লিউটিএ-এর কাছে ডিও লেটার দেন স্থানীয় সাংসদ নাসিম ওসমান।
কাজী জহিরুল ইসলাম জেলা প্রশাসকের কাছে গরুর হাট বসানোর অনুমতি চাইলে তা বাতিল করে দেন জেলা প্রশাসক।
কিন্তু গত শুক্রবার তিনি গরুর হাট বসালে পরদিন তা দখলমুক্ত করতে যায় সিটি কর্পোরেশন। এ সময় সিটি করপোরেশনের লোকজনের ওপর হামলা চালানো হয়। এতে ১০ জনকে আহত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৬ ঘ.
bdnews24