চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গৃহ শিক্ষক তারেক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর খতিবের হাট এলাকা থেকে তারেককে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, ২২ বছর বয়সী তারেক কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের ছাত্র। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যার পর খতিবের হাট এলাকায় ‘মা মনি ভিলা’ নামের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ঘরে খুন হন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ডলি আক্তার (৩০), তার ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)।
এ ঘটনায় ওইদিন ডলির বাবা বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
ডলির ছোট ভাই শাহরিয়ার ইসলাম লাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে গৃহশিক্ষক তারেক ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দোকানদারের কাছে হত্যার ঘটনা সম্পর্কে জানতে চান। এ সময় দোকানদাররা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তারেক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার তারেকের ডান হাতের চারটি আঙ্গুল কাটা ও তিনটি আঙ্গুলে সেলাই রয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “নিহত গৃহবধূর ঘরের মেঝেতে থাকা রক্ত ও হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং অন্যান্য সামগ্রীকে গৃহশিক্ষক তারেকের হাতের ছাপ পাওয়া যায় কি না- তা পরীক্ষা করে দেখা হবে।”
হত্যাকাণ্ডের পর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের বলেছিলেন, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
“রক্তাক্ত অবস্থায় ঘরের একটি কক্ষে ডলির লাশ পাওয়া যায়। শিশু দুটির লাশ ছিল অন্য ঘরে।”
ঘটনাস্থল ঘুরে দেখে মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, ডাকাতির কোনো আলামত তারা পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এমসি/এমডি/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24