ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহার ছুটি শুরুর আগের দিন বৃহস্পতিবার সচিবালয় খোলা থাকলেও এতে কর্মকর্তা-কর্মকারীদের উপস্থিতি ছিল নগণ্য।
বৃহস্পতিবার সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল অনেক কম। যারা অফিসে এসেছেন, তারাও বেলা ১২টার পর অফিস ছেড়েছেন।
দুর্গাপূজা ও ঈদুল আযহার ছুটির মাঝে বৃহস্পতিবার একদিনের জন্য সরকারি দপ্তর খোলা রাখা হলেও কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশই এ দিন ঐচ্ছিক ছুটি নিয়ে আগেভাগেই বাড়ির পথে রওনা দিয়েছেন।
ছুটি না পেয়ে অফিসে যারা ছিলেন তারাও আগেই ঘরে ফেরার প্রস্তুতি শেষ করেছেন। হাজিরা দিয়েই তারা কর্মস্থল ত্যাগ করেছেন।
যোগাযোগ, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং পানিসম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, এসব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল ৪০ শতাংশেরও কম।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দুপুরের আগেই অফিসগুলো ফাঁকা হয়ে যায়। অনেকেই শুধু হাজিরা খাতাই স্বাক্ষর করেই চলে গেছেন।
বেশিরভাগ মন্ত্রীই পুঁজায় নিজ এলাকায় যাওয়ার পর আর ঢাকায় ফিরেননি। ফলে সচিবালয়ে তাদের দপ্তরগুলো ফাঁকাই থাকে।
দর্শনার্থীদেরও তেমন কোনো উপস্থিতি না থাকায় বেশ ফাঁকাই ছিল প্রশাসনের এই কেন্দ্রবিন্দু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫০১ ঘ.
bdnews24