২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

‘ন্যায্য পারিশ্রমিকের’ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

গাজীপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘ন্যায্য পারিশ্রমিকের’ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখিয়েছে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় দিগন্ত স্যুয়েটার নামের ওই কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শ্রমিকরা মহাসড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ঈদে ঘরমুখো মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. সেলিম খান জানান, সদর উপজেলার নাওজোড়ের দিগন্ত স্যুয়েটারের শ্রমিকরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় বিক্ষোভ শুরু করেন। তারা অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে তাদের বেতন-ভাতা পরিশোধ করার সময় পোশাকের সংখ্যা অনুযায়ী প্রাপ্য মজুরি (পিস রেট) ঠিকমতো দেয়া হয়নি। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিতে সাড়া না দিলে বিক্ষোভরত শ্রমিকরা এক পর্যায়ে কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর শুরু করে। এ সময় কারখানা চত্বরে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। প্রহরীদের কক্ষে ও ঝুট গুদামেও আগুন লাগিয়ে দেয় শ্রমিকরা। সেলিম খান বলেন, “এক পর্যায়ে কারখানার একটি ফটক খুলে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফেলে এবং কিছু পরিত্যক্ত টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা। মহাসড়কে চলাচলকারী কয়েকটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করলে দুএকটি গাড়ির কাচ ভেঙ্গে যায়।” খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিদর্শক মো. সেলিম জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকার সময় গাজীপুর ফায়ার সার্ভিসের একটি গাড়িও আটকা পড়ে। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫০০ ঘ.