শরীয়তপুর/চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচটি উপজেলার ৪০টি ও শরীয়তপুরের চারটি উপজেলার ৩০টি গ্রামের বাসিন্দারা শুক্রবার ঈদ-উল-আজহা উদযাপন করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে শনিবার ঈদ উল আজহা হলেও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও শরীয়তপুরের সুরেশ্বর পীরের অনুসারীরা রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে।
সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই জানান, শুক্রবার সকাল ৯টায় সাদ্রা মাদ্রাসা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ আরিফ উল্যাহ।
শুক্রবার ঈদ উদযাপিত হবে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর; ফরিদগঞ্জ উপজেলার বাসারা, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতপাড়া, নূরপুর, সাঁচনমেঘ, ষোল¬া, হাঁসা, গোবিন্দপুর; মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়া উপজেলার আরো কয়েকটি গ্রাম।
এদিকে সুরেশ্বর পীরের মুতাওয়াল্লী সৈয়দ বেলাল নুরী বলেন, শরীয়তপুর জেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হাজার মুরিদ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করবেন।
সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
নড়িয়া উপজেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, চন্দ্রপুর, ভুমখারা, ভোজেশ্বর; জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি; সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, দাসাত্বা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া; ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হবে।
এছাড়া বরিশাল ও চট্টগ্রামের কিছু অঞ্চলেও শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৪৪৬ ঘ.
bdnews24