টাঙ্গাইল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েরিন্টফোর ডটকম)- টাঙ্গাইল শহরে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ব্যবসায়ী শাহিন শিকদার (৩০) শহরের কোদালিয়ার আলি হোসেন শিকদার মাস্টারের ছেলে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সদর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহিন নতুন বাস টার্মিনাল এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘শাহিন মেডিকেল হলে’ বসেছিলেন। এ সময় ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা শাহীনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৫৭ ঘ.
bdnews24