২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা সৈকতে শান্তিপূর্ণ প্রতিমা বিসর্জন

সারাদেশের মতো চট্টগ্রামেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের মতো চট্টগ্রামেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। তেল-সিঁদুর পরিয়ে, আর পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানায় চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়। সনাতন ধর্ম মতে এ বছর দেবী এসেছেন গজে (হাতি) চড়ে। আর ফিরে গেছেন নৗকায়। এই ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবীর আগমন গজে হলে পৃথিবীতে বৃষ্টি হয় এবং শস্যময় হয়। আর নৌকায় গেলে মানুষের মধ্যে মিত্রতা বৃদ্ধি পায়। সকালে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হয় দেবীর আরাধনা। বিহিত পূজা শেষে দেওয়া হয় দর্পণ বিসর্জন। এরপর শুরু হয় দেবীকে বিসর্জনের আয়োজন। দুপুর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিটি সড়কে শুরু হয় প্রতিমাবাহী ট্রাকের বর্ণিল শোভাযাত্রা। পতেঙ্গা সমুদ্র সৈকত ও কর্ণফুলী নদীর ঘাটে গিয়ে এই শোভাযাত্রা শেষ হয়। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। এ সময় প্রতিবারের মতো এবারো পতেঙ্গা সৈকতে হাজারো মানুষের ঢল নামে। ঢাক, ঢোল, কাঁসা ঘণ্টাসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে ‘জয়, দুর্গা মায়ের জয়’ ধ্বনি তুলে একের পর এক প্রতিমা ভাসিয়ে দেওয়া হয় সাগরে। চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তিমির বরণ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তিনি জানান, এবার পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রায় ২০০টি, কাট্টলী রানি রাসমনি ঘাট সংলগ্ন সৈকতে ২০টি এবং পাথরঘাটায় কর্ণফুলী নদীর গঙ্গাবাড়ি ঘাটে ১০টি প্রতিমা বির্সজন দেওয়া হয়। এছাড়া নগরীর বাইরে আনোয়ারা পার্কি বিচেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন পুকুর ও দিঘিতেও প্রতিমা বির্সজন দেন ভক্তরা। সকাল ১১টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন স্থান থেকে প্রতিমা আসা শুরু হয় দুপুরের পর থেকে। বিসর্জন উপলক্ষে সৈকতে আলোকসজ্জা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য কাঠগড়, বিমান বন্দর, ১৫ নম্বর ঘাটসহ বিভিন্ন এলাকায় প্রায় আড়াইশ’ পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে শুধুমাত্র বিসর্জন এলাকা সমুদ্র সৈকতে মোতায়েন ছিল ১৪০ জন পুলিশ। সেরা পূজা ম-প চট্টগ্রামে সেরা পূজা ম-প মনোনীত হয়েছে নগরীর গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর ম-প। পূজার শাস্ত্রিক দিক বজায় রাখাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে সেরা পূজা ম-প মনোনয়ন দেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য চন্দন তালুকদার। আর দক্ষিণ নালাপাড়া দ্বিতীয় এবং হাজারী লেইনের পূজা ম-প তৃতীয় স্থান অর্জন করে। এ উপলক্ষে পতেঙ্গা সৈকতে আয়োজিত অনুষ্ঠানে পূজা আয়োজকদের হাতে এসব পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করেপোরেশনের মেয়র মনজুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০৫৪ ঘ.